জামালপুরের সরিষাবাড়ীতে লিটন মিয়া (২৫) নামে এক হোটেল কর্মচারির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সরিষাবাড়ী পৌরসভার তাড়িয়াপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
শনিবার (২১ আগস্ট) সকালে তার নিজ ঘরের শয়নকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশ পাওয়া যায়।
স্থানীয় সূত্র জানায়, লিটন মিয়া সরিষাবাড়ী কেন্দ্রীয় বাসটার্মিনালে করম আলীর হোটেলে কর্মচারির কাজ করতেন।
শুক্রবার রাতে তিনি কাজ শেষে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। সকালে কর্মস্থলে না গেলে হোটেল মালিক করম আলী তাকে ডাকতে বাড়িতে যান। এসময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন। সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন, লিটন মিয়ার হাত-পা বাঁধা ও ঝুলন্ত অবস্থায় মৃত। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।
সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে লাশের হাত-পা বাঁধা দেখতে পাইনি, স্থানীয়দের কাছে এমনটি শুনেছি। ময়নাতদন্তের রিপোর্ট ও ঘটনা তদন্তের আগে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।
You must be logged in to post a comment.