জামালপুরের সরিষাবাড়ীতে জামাই বাড়িতে বেড়াতে গিয়ে প্রতিপক্ষের হাতে নিহত স্বপন মিয়ার (৫৩) হত্যাকারীদের শাস্থির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া আমতলা এলাকার প্রধান সড়কে কয়েক গ্রামের সহস্রাধিক মানুষের অংশগ্রহণে প্রায় ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা সরিষাবাড়ী-তারাকান্দি-ভুয়াপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রাক্তন ইউপি সদস্য রুবেল মিয়া, মামলার বাদি মরিয়ম বেওয়া, নিহতের মেয়ে সবুজা বেগম, ছেলে মামুন মিয়া, স্থানীয় শাহজাহান মাস্টার, লুৎফর রহমান প্রমুখ। বক্তারা জানান, পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের ময়েন মন্ডলের ছেলে স্বপন মিয়া গত সোমবার (৩ আগস্ট) ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামে তার মেয়ের বাড়িতে যান। ওইদিন তার মেয়ের জামাই নুরুল ইসলামের সাথে প্রতিবেশি আব্দুছ ছাত্তারের ছেলে শিপন মিয়া ও কাজম আলীর ছেলে আমিনুল গংদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ হয়।
এ ঘটনার জের ধরে রাত ১১টার দিকে শিপন-আমিনুলের নেতৃত্বে ২০-২২ জন সংঘবদ্ধ লোক নুরুল ইসলামের শশুর স্বপন মিয়াকে ঘুমন্ত অবস্থায় ঘর থেকে ডেকে তোলে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামী করে পরদিন মঙ্গলবার সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরও হত্যাকারীরা গ্রেফতার হয়নি।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. ফজলুল করীম জানান, হত্যাকান্ডের ঘটনায় ওইদিনই আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তবে মামলার ৫ নম্বর আসামী আনিকা বেগমকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদেরও আটকের জন্য অভিযান অব্যাহত আছে।
You must be logged in to post a comment.