সরিষাবাড়ীতে এএসআইসহ দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার ; সাদা পোষাকে আসামি ধরতে গিয়ে লাঞ্ছিত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ১১:২৭ পূর্বাহ্ন

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা।।

জামালপুরের সরিষাবাড়ীতে সাদা পোষাকে আসামি ধরতে গিয়ে লাঞ্ছিত হওয়ায় এএসআইসহ দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে সরিষাবাড়ী থানা থেকে জামালপুর জেলা পুলিশ লাইনে তাদের প্রত্যাহার করা হয়। তারা হলেনÑ এএসআই হুমায়ুন কবীর ও কনস্টেবল জাহানারা বেগম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সরিষাবাড়ী থানার এএসআই হুমায়ুন কবীর ও কনস্টেবল জাহানারা বেগম বৃহস্পতিবার দুপুরে সাদা পোষাকে উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম এলাকায় যান। ওই গ্রামের উবাইদুর রহমানের স্ত্রী মমতাজ বেগমের (৪০) নামে তেজগাঁও থানার ৩৬(৩)০৭ নম্বর ও জিআর ১৬৮/০৭ নম্বর মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করলে মমতাজ বেগমের পরিবারের লোকজন ভুয়া পুলিশ ভেবে তাদের ঘেরাও করে। একপর্যায়ে তাদের সঙ্গে এএসআই হুমায়ুন কবীরের ধস্তাধস্তি হয় ও কনস্টেবল জাহানারা বেগমকে কটুক্তি করা হয়। আসামির লোকজন পুলিশের দু‘টি মোবাইল ফোন কেড়ে নেয়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে অতিরক্তি পুলিশ গিয়ে ওই দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ আসামির শশুর জামাল উদ্দিন (৬৫) ও শাশুড়ি রোজিনা বেগমকে (৫৫) ওইদিনই আটক করে।

সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সাদা পোষাকের সাথে পোষাকধারী পুলিশ না থাকায় তারা লাঞ্ছিত হয়েছেন। তাই তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই হুমায়ুন কবীর ও কনস্টেবল জাহানারা বেগমকে শনিবার রাতে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

ওসি (তদন্ত) ইন্সপেক্টর জোয়াহেরুল ইসলাম বলেন, আসামি মমতাজের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। পুলিশকে লাঞ্ছিত করার দায়ে আটককৃত দুইজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ