সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার শ্যামনগরে বৃদ্ধা শাশুড়িকে বেঁধে নির্যাতন করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর পুলিশ ওই বৃদ্ধার বউ ও ছেলেকে আটক করেছে। শুক্রবার দুপুরে উপজেলার বড়কুপট গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, বড়কুপট গ্রামের মৃত তৈলক্ষ্য মন্ডলের ছেলে প্রভাষ মন্ডল ও প্রভাষ মন্ডলের স্ত্রী আশা রানী।
স্থানীয়রা জানান, বড়কুপট গ্রামের মৃত তৈলক্ষ্য মন্ডলের স্ত্রী (৮০) বৃদ্ধা ফুল মতি দাসী বিছানায় পায়খানা-প্রসাব করেন। এ জন্য প্রায়ই তাকে বেঁধে নির্যাতন করেন তার বউমা আশা রানী। একইসঙ্গে তাকে ঠিকমতো খাবারও দেওয়া হয় না। সম্প্রতি স্থানীয় এক যুবক নির্যাতনের বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় পুলিশের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে ছবিটি পোস্ট করে ‘মা জনম দুঃখীনি মা, গর্ভধারীণী মা, যে মা ১০ মাস ১০দিন গর্ভধারণ করে স্ব-যত্নে রেখেছিলেন। সেই মা যদি এমন বউয়ের পাল্লায় পড়েন? কিন্তু সন্তানের চোখ কি অন্ধ?’ লিখে স্ট্যাটাস দেন।
বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হলে দুপুরে পুলিশ গিয়ে ওই বৃদ্ধাকে বাঁধা অবস্থায় উদ্ধার করে এবং ছেলে ও বউমাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর জানান, ওই বৃদ্ধার ছেলে-বউমাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
তিনি আরো জানান, বৃদ্ধা ফুলমতি দাসী বর্তমানে তার বাড়িতে ভাল আছেন। তার খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তবে, এই বৃদ্ধা বয়সের ভারে বর্তমানে একটু মানসিক ভারসাম্যহীন। তিনি বিছানায় প্রস্রাব ও পায়খানা করেন।
You must be logged in to post a comment.