শরীয়তপুর সদর উপজেলায় সমাজসেবা কার্যালয়ের যোগ-সাজস্যে ইউনিয়ন সমাজকর্মী সামছুল আলম এর সহযোগিতায় টিপসই জাল করে বিনোদপুর ইউনিয়নে ২নং ওয়ার্ডের চরের কান্দী ও মৌলভী কান্দী গ্রামের ছাহেরা বেগম ও নিজাম হোসেন নামে দুই ব্যক্তির বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাৎ করেছে ইউপি মেম্বার হারুন।
ইতোপূর্বে বিনোদপুর ইউনিয়নের মৌলভী কান্দী গ্রামের ফাতেমা বেগম ও রিয়াদ হাসান নামে দুই ব্যক্তির ২ বছরের প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ করেছিলেন ইউপি মেম্বার হারুন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে, শরীয়তপুর সদর উপজেলা সাবেক নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুর রহমান শেখ, আইনী ব্যবস্থা গ্রহন করার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। কিন্তু পরিতাপের বিষয় উপজেলা সমাজসেবা কর্মকর্তা নজরুল ইসলাম তেমন কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি। এ নিয়ে জনমনে জেগে ওঠেছে নানা প্রশ্ন।
ভুক্তভোগী ছাহেরা বেগম ও নিজাম হোসেন গণমাধ্যমকে জানান প্রায় দেড় বছর পূর্বে ইউপি মেম্বার হারুন মাদবর, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার বই করে দেওয়ার কথা বলে, ছবি ও জাতীয় পরিচয়পত্র নিয়েছে। কিন্তু অদ্যবদি আমরা কোন প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার টাকা পাইনি। কিছু দিন পূর্বে মেম্বার হারুন মাদবর বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার বই এনে দিয়েছে। বইয়ের মধ্যে দেখতে পাই যে, আমাদের টিপসই জাল করে এক বৎসরের ভাতার টাকা উত্তোলন করা হয়েছে। টাকা উত্তোলনের বিষয়টি মেম্বার হারুন মাদবরের কাছে জানতে চাইলে তিনি আমাদের সাথে উচ্চবাক্য করেন। ভুক্তভোগীরা আরো বলেন, ইউপি মেম্বার হারুন মাদবর একজন স্থানীয় ক্ষমতাধর লাঠিয়াল বাহিনীর নেতা। তিনি আমাদেরকে বিভিন্ন সময় ভয়ভিতি দেখিয়ে থাকেন। আমাদের বয়স্ক ও প্রতিবন্ধীর টাকা ইউপি মেম্বার হারুন মাদবর আত্মসাৎ করেছেন।
আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা আত্মসাৎ এর বিষয়ে শরীয়তপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, ইতোপূর্বে বিনোদপুর ইউনিয়নের ফাতেমা বেগম ও রিয়াদ হাসান নামে দুই ব্যক্তির টাকা আত্মসাৎ এর বিষয়ে অভিযোগ পেয়ে ইউপি মেম্বার হারুন মাদবরকে সমাজসেবা বিষয়ক কার্যক্রম থেকে বিরত রেখেছি।
কিন্তু ছায়েরা বেগম ও নিজাম হোসেন নামে কোন ব্যক্তি আমাদের কাছে অদ্যবধি লিখিত কোন অভিযোগ করেনি। বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি।
ইউপি মেম্বার হারুন মাদবর এর কাছে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাৎ এর বিষয় জানতে চাইলে বিষয়টিকে বিভিন্নভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
You must be logged in to post a comment.