শরীয়তপুরের গোসাইরহাটের মেঘনা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০, ৬:২০ অপরাহ্ন

শরীয়তপুর প্রতিনিধি ।।

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের পূর্ব কোদালপুর ঠান্ডার বাজার এলাকায় মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে একটি অসাধু মহল আইন অমান্য করে ড্রেজার দ্বারা বালু উত্তোলনের জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সরেজমিনে ঘুরে স্থানীয় সূত্রে জানা যায়, অসাধু মহলটি প্রভাব খাটিয়ে আইনের তোয়াক্কা না করে নদীতে বালুমহল বানিয়ে লক্ষ-লক্ষ টাকার বালু উত্তোলনের ব্যবসা করে যাচ্ছেন। এ ব্যবসার সাথে  আব্দুর ছাত্তার, সুজন দেওয়ান ও সুমন দেওয়ান জড়িত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে অভিযুক্ত সুমন দেওয়ান ও সুজন দেওয়ানের সাথে মুঠোফোনে আলাপকালে, সুজন দেওয়ান বলেন, বালু উত্তোলন করছি, অনুমতি নিয়ে। তাছাড়া নদী আমাদের, জমি আমাদের ও সরকারও আমাদের। তিনি আরও বলেন, আমরা বিভিন্ন বোটে ও বিভিন্ন ট্রলারে বালু বিক্রি করি। ৩ থেকে ৪ টি ড্রেজার দিয়ে কাজ করি। এগুলো আব্দুর ছাত্তার নিয়ন্ত্রণ করেন।

স্থানীয়রা বলেন, তারা খুব প্রভাবশালী। এ চক্রের বিরুদ্ধে কথা বললে আমরা এলাকায় থাকতে পারবোনা। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানান, তারা প্রশাসনের একটি মহলকে ম্যানেজ করে কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলমগীর হোসাইন এর সঙ্গে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, এ বিষয়ে আমার কাছে আগেও অভিযোগ এসেছিল। কিছুদিন আগে আমরা অভিযান পরিচালনা করে উচ্ছেদ করেছি। এখন আবার জানতে পারলাম অবৈধভাবে বালু উত্তোলন চলছে উপজেলা ভূমি কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলবো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ