রাজশাহীতে বিদেশী পিস্তলসহ আঞ্চলিক পর্যায়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মুরাদ শেখ ওরফে ককটেল মুরাদকে (৪০) গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে নগরীর সাহেববাজার (বড়কুঠি মাস্টারপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মুরাদ ওই এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত নবাবজান শেখ। র্যাব-৫ এর সিপিএসসির একটি দল এ অভিযান চালায়।
র্যাব জানায়, ককটেল মুরাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ছাড়াও একটি ম্যাগজিন, একটি গুলি, দুটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ককটেল মুরাদকে নজরদারিতে রাখা হয়েছিল। মুরাদ শেখ একাধিক মামলার পলাতক আসামি এবং একটি সংঘবদ্ধ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য। তিনি রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার হেফাজতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে- এমন তথ্যের ভিত্তিতেই এ অভিযান চালানো হয়।
এ সময় মুরাদের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে কাপড়ের স্তূপের ভেতর থেকে বিদেশী পিস্তলটি উদ্ধার করা হয়। মুরাদ এর আগেও বিপুল পরিমাণ ককটেলসহ ধরা পড়েছিলেন। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া অস্ত্র আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলা রুজু করা হয়েছে।
You must be logged in to post a comment.