ময়মনসিংহে উদ্ধার সোহেল তাজের ভাগনে সৌরভ

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯, ১:৫১ অপরাহ্ন
সোহেল তাজ (বামে) সৈয়দ মোহাম্মদ ইফতেখার আলম সৌরভ (ডানে)

অন্যদৃষ্টি ডেস্ক।।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভাগ্নে সৈয়দ মোহাম্মদ ইফতেখার আলম সৌরভকে (২৫) ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মধুপুরের বটতলা বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ভোর সাড়ে ৫টার দিকে বটতলা বাজার এলাকার জামিল অটোরাইস মিলের সামনে দুর্বৃত্তরা সৌরভকে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

ওসি বলেন, সৌরভ জেলা পুলিশ সুপারের হেফাজতে আছেন। আইনি প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পরে আজ সকাল পৌনে ৯টায় জেলা পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেনের  কার্যালয়ে গণমাধ্যমকে ব্রিফিং করা হয়। এ সময় পুলিশ সুপার বলেন, ‘রাইস মিলের ম্যানেজার সমির ভোরে সৌরভের পরিবারকে ফোন করে তাঁকে পাওয়ার কথা জানান। পরে সিটিইউ পুলিশ সুপারকে ফোন করে বিষয়টি জানান। পুলিশ সুপার, ডিবির ওসি ও তারাকান্দা থানার ওসি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। গিয়ে দেখেন সৌরভ সেখানে একটি চেয়ারে বসে আছেন। পরে তাঁকে উদ্ধার করা হয়। এরপরই সৌরভের পরিবারের সঙ্গে কথা বলি। পরিবারের ইচ্ছা অনুযায়ী সৌরভকে ঢাকার বনানীর বাসায় পাঠানো হয়েছে।’

এই ১১ দিন কোথায় কীভাবে ছিলেন- সে বিষয়ে সৌরভ কিছু বলেছেন কি না, তা জানতে চাইলে উত্তরে শাহ আবিদ হোসেন বলেন, “সে এটা বলতে পারে না। তবে তাকে আটকে রাখা হয়েছিল, এটাই বলেছে শুধু। সে আসলে কোনো কিছুই এ মুহূর্তে বলতে পারছে না। তার বাহ্যিকভাবে কোনো সম্যসা আমরা দেখছি না। আমরা খাবার খাইয়ে তাকে পাঠিয়ে দিয়েছি।”

সৌরভকে কারা সেখানে ফেলে রেখে গেছে- এই প্রশ্নে পুলিশ সুপার বলেন, “এটা তদন্তের বিষয়।”

গত ৯ জুন চট্টগ্রাম মহানগরীর আফমি প্লাজার সামনে থেকে সৌরভকে একটি গাড়িতে করে ৪/৫ জন লোক অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করে তার পরিবার। ওই রাতে তার বাবা পাঁচলাইশ থানায় এ ব্যাপারে জিডি করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ঈদের ছুটিতে সৌরভ চট্টগ্রামের বাসায় বেড়াতে যান। গত ৯ জুন পাঁচলাইশ আফমি প্লাজার সামনে থেকে দু’জন লোক তাঁকে অপহরণ করে নিয়ে যায়।

গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সোহেল তাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাঁর ভাগ্নেকে অপহরণের কথা জানান। ওই পোস্টে সোহেল তাজ লেখেন, ‘আমার মামাতো বোনের ছেলে (ভাগিনা), সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ)-কে গত রোববার ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে অপহরণ করা হয়েছেI যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের অনুরোধ করছি সৌরভকে ফিরিয়ে দিতে তার পরিবারের কাছেI অন্যথায় আপনাদের পরিচয় জনসমক্ষে প্রকাশ করা হবেI ঘটনার আড়ালে কারা আছেন, তা আমরা জানি।’

পরে গত সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সৌরভের মা সৈয়দা ইয়াসমিন আরজুমান দাবি করেন, সওদা নামের এক মেয়ের সঙ্গে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।

সৌরভ ঢাকার ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে একটি বেসরকারি সংস্থার পক্ষে ডকুমেন্টরি তৈরির কাজ করতেন। সৌরভ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের মামাতো বোন সৈয়দা ইয়াসমিন আরজুমানের ছেলে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ