নবনিযুক্ত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ আর ২৪’ হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাত করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই মূল্যবোধ আছে। সম্মান করতে হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, ২৪-এর জায়গায় ২৪। এটা তো একটার সাথে একটা পরস্পর বিরোধী কিছু না। সুতরাং মুক্তিযুদ্ধের ভিত্তিতে এই দেশের জন্ম হয়েছে এবং যারা ত্যাগ স্বীকার করেছে তাদের প্রতি সম্মান জানানো আমাদের প্রথম দায়িত্ব, এ কারণেই আমরা বারবার এখানে আসি। যেকোনো উপলক্ষে তাদের স্মরণ করি।
তিনি আরও বলেন, দেশ হওয়ার পর অনেক আন্দোলন, বিপ্লব হয়েছে, মানুষ জীবন দিয়েছে, সবাইকে মাথায় রাখতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে না। যে দেশের মানুষের দেশে প্রেম থাকবে না এবং জাতির গর্বিত সন্তানদের সম্মান জানাতে পারে না, সে দেশটার সামনে এগিয়ে যাওয়ার সুযোগ নেই। সুতরাং এগুলো হচ্ছে দেশের ফাউন্ডেশনাল ভ্যালু।
অর্থমন্ত্রী বলেন, যারাই দেশ, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, আপোসহীন লড়েছে, তার মধ্যে বিএনপি অন্যতম। গণতন্ত্রের জন্য একটি দল এখনও লড়ে যাচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং যে বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছি সেটাকে গড়ে তুলতে হবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে।
You must be logged in to post a comment.