জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই বিপ্লব দিবস উপলক্ষে মাদারীপুর জেলা বিএনপির বিজয় মিছিলে আপন তিন ভাইকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।
বুধবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে মাদারীপুর পৌর শহরের ডিসি ব্রিজ এ ঘটনা ঘটে। এতে আহতরা হলেন- লিখন মুন্সি, মিলন মুন্সি ও সোহাগ মুন্সি।
গুরুতর আহত অবস্থায় লিখন মুন্সি ও সোহাগ মুন্সিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে তাদের পরিবার।
আহতদের পরিবার ও পুলিশ জানায়, বেলা পৌনে ১২টার দিকে জেলা বিএনপির উদ্যোগে ‘জুলাই বিপ্লব দিবস’ উপলক্ষে একটি বিজয় মিছিল শহরের শকুনী লেকপাড় থেকে ইটেরপুলের দিকে যাচ্ছিল। এসময় মিছিলটি ডিসি ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে লিখন মুন্সিকে কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে এগিয়ে আসলে লিখনের দুই ভাই মিলন ও সোহাগকে মুন্সীকেও কুপিয়ে জখম করে।
পরে তাদের উদ্ধার করে মাদারীপুর আড়াই শ’ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে লিখন ও সোহাগের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ মার্চ রাত ১০টার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় উপজেলা শ্রমিকদলের সভাপতি মোফাজ্জেল মুন্সির ছেলে শাকিল মুন্সি হত্যার ঘটনা ঘটে। ওই মামলায় আসামি ছিলেন শহিদুল ইসলাম ও লিখন মুন্সি। এ ঘটনার জেরেই হামলা হয়েছে বলে আহতদের পরিবার দাবি করছে।
You must be logged in to post a comment.