আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর প্রতিনিধি।।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পশ্চিম পুঁটিয়া গ্রামের মোঃ নুর আলম শেখ (৫৫) নামে এক খেলনা বিক্রেতার বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ভেদরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। স্কুল ছাত্রীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর পাশ্ববর্তী পশ্চিম পুটিয়া গ্রামে বিকাল ৫টার দিকে নিজ বাড়ী হতে ফুফুর বাড়ী, বেড়াতে আসলে, ফুফুর বাড়ীর নিকটবর্তী পশ্চিম পুঁটিয়া বাইতুল আমান ইসলামী সমাজ কল্যাণ পাঠগারের উদ্যোগে ওয়াজ মাহফিলে রাত ৮টার দিকে খেলনা ও মুরলী ক্রয় করতে আসলে অভিযুক্ত মোঃ নুর আলম শেখ স্কুল ছাত্রীকে খেলনা ও মুরলী কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়ীতে নিয়ে ধর্ষনের চেষ্টায় স্কুল ছাত্রীর শরীরে বিভিন্ন স্থানে কামড় দিয়ে জখম করে।
স্কুল ছাত্রীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে চলে আসলে অভিযুক্ত মোঃ নুর আলম শেখ কৌশলে পালিয়ে যায়। স্কুল ছাত্রীকে চিকিৎসার উদ্দেশ্য ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোঃ সাইফুল ইসলাম জানান, স্কুল ছাত্রীর শরীরে বিভিন্ন স্থানে কামড় ও আঘাতে চিহ্ন রয়েছে।
গত ১৬ ডিসেম্বর স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভেদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, নারী শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামী মোঃ নুর আলম শেখকে গ্রেফতারের চেষ্টা চলছে।
You must be logged in to post a comment.