ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে গত সপ্তাহে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে ফোনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারত ও পাকিস্তানকে উত্তেজনা কমাবার অনুরোধ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১ মে) জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রুবিওর ফোন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরকে রুবিও বলেছেন, পেহেলগাম হামলায় তিনি মর্মাহত। উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র সবসময় ভারতকে সহযোগিতা করতে দায়বদ্ধ।
তবে তিনি বলেছেন, ভারত ও পাকিস্তানকে দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে হবে এবং উত্তেজনা কমাতে হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীকে রুবিও বলেছেন, তিনি যেন ভারতের সাথে সহযোগিতা করেন। শান্তি ও নিরাপত্তা বজায় রাখেন এবং ভারতের সাথে সরাসরি কথা বলেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, দুই নেতাই রুবিওকে জানিয়েছেন, তারা উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। রুবিও শরীফকে বলেছেন, পাকিস্তান যেন এ হামলার তদন্তের কাজে সাহায্য করে।
ভারতের আকাশসীমায় পাক বিমানে নিষেধাজ্ঞা
পাকিস্তান আগেই সিদ্ধান্ত নিয়েছিল, ভারতের বিমান তাদের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। এবারও ভারতও জানিয়ে দিলো, পাকিস্তানের বিমান ভারতের আকাশসীমায় ঢুকতে পারবে না।
পাকিস্তানের বিমানকে কুয়ালালামপুরের মতো শহরে যেতে হলে এখন চীন হয়ে যেতে হবে। এতে তাদের বাড়তি সময় ও জ্বালানি লাগবে।
ভারত থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র যাওয়ার সময় বিমানগুলোও একই অসুবিধায় পড়ছে। ৬০০টি বিমানকে ঘুরে যেতে হচ্ছে। এর ফলে ভারতীয় বিমানসংস্থাগুলোকে সপ্তাহে ৭৭ কোটি বেশি খরচ করতে হচ্ছে।
ভারতের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, আপাতত আগামী ২৩ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। তারপর আবার তা খতিয়ে দেখা হবে। পাকিস্তানে নথিভুক্ত সামরিক, অসামরিক কোনো বিমান ভারতে ঢুকতে পারবে না।
You must be logged in to post a comment.