‘ব্যারিস্টার মইনুলকে গ্রেপ্তার আইনমন্ত্রীর ষড়যন্ত্র’

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮, ১১:৩১ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

জামিনযোগ্য মামলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করার প্রতিবাদ জানিয়ে ড. কামাল হোসেন বললেন- ‘সব আইনমন্ত্রীর ষড়যন্ত্র। এসব কারণে দ্রুত তারও বিচার করা হবে।’

বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রীম কোর্টে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।এ সময় তিনি আরও বলেন, ‘ঐক্যফ্রন্টের সাত দফা ২০০৬-২০০৭ সালে শেখ হাসিনার দেয়া নির্বাচনের পূর্বশর্তের অনুরূপ।‘ এটি বাস্তবায়ন করার কথা বলেন ড. কামাল হোসেন।

এ সময় তিনি অভিযোগ করেন, ‘মানহানির মামলায় ব্যারিস্টার মইনুল হোসেন জামিন নিয়েছেন কিন্তু তাকে গ্রেপ্তার করে সরকার কারাগারে পাঠিয়েছে।’

আইনমন্ত্রীর উদ্দেশ্যে ড. কামাল বলেন, ‘আপনি একজন আইনজীবী, আপনার বাবা মরহুম সিরাজুল ইসলাম একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন। আপনার কাছ থেকে মানুষ এসব আশা করে না। আপনি পড়ুন, ভালো করে পড়ুন। আপনি ভালো করে জানেন, মানহানির মামলা জামিনযোগ্য অপরাধ। তারপরও ব্যারিস্টার মইনুল হোসেনকে কেনো কারাগারে নেয়া হলো?’

এ সময় ড. কামাল হোসেন জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আন্দোলন শুরু হয়ে গেছে সিলেট থেকে, সফল না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।’

এদিকে, রংপুরে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে করা মানহানি মামলার কপি না পাওয়ায় জামিন শুনানি স্থগিত করেন আদালত। বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মইনুল হোসেনের ব্যক্তিগত আইনজীবী মনিরুল ইসলাম ও তুহিন হাওলাদার জামিনের আবেদন করেন।  এ সময় বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা নথি না পাওয়ায় আবেদন স্থগিত করেন।

গত ২২শে অক্টোবর মইনুল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেন রংপুরের মানবাধিকার কর্মী মিলি মায়া। ওই রাতেই ঢাকা থেকে গ্রেপ্তার হন ব্যারিস্টার মইনুল হোসেন।

এদিকে, কিশোরগঞ্জে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বিলকিস বেগম। বিচারক মামলাটি আমলে নিয়ে সশরীরে হাজির হওয়ার জন্য আসামির প্রতি সমন জারি করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ