অন্যদৃষ্টি অনলাইন।।
নিরাপদ সড়কের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে আজও ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। বাসচাপায় দুই শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় শিক্ষার্থীরা শনিবার ৪ আগস্ট ২০১৮ সকাল থেকে সপ্তমদিনের মতো কর্মসূচি পালন করছে।
শিক্ষার্থীরা উত্তরা হাউজ বিল্ডিং থেকে জসিম উদ্দীন রোডে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে। সকাল সাড়ে ১০টার পর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। তারা রাস্তায় অবস্থান নিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিচ্ছে। এছাড়া আজমপুর, হাউজ বিল্ডিং থেকে খণ্ড খণ্ড মিছিল এসে পৌঁছাচ্ছে।
মতিঝিলে অবস্থান নিয়েছে নটরডেম, মতিঝিল সেন্ট্রাল কলেজ, আরামবাগ স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এদের হাতে রয়েছে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান সংবলিত ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড। এরা মতিঝিল শাপলা চত্বর এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণেও কাজ করছে। তারা প্রতিটি গাড়ির লাইসেন্স এবং ফিটনেস যাচাই করছে।
ফার্মগেট মোড়েও অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। সকাল থেকে ফার্মগেট ও আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে জড়ো হন। ফার্মগেটে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা কোনো লাইসেন্স যাচাই করছে না। তবে তারা যান চলাচলের সুবিধার্তে তিনটি লেন তৈরি করেছে।
প্রথম লেন তৈরি করা হয়েছে বাইসাইকেল, মোটরসাইকেলের জন্য; দ্বিতীয় লেন তৈরি করা হয়েছে সাধারণ যান চলাচলের জন্য এবং তৃতীয় লেন জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের জন্য।
সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের রাস্তায় নেমেছে তবে অবরোধ করেনি। সারিবদ্ধভাবে যান চলাচলে সহায়তা করছে তারা। তবে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও ধানমন্ডি এলাকায় কোনও শিক্ষার্থীকে এখনও রাস্তায় দেখা যায়নি।
You must be logged in to post a comment.