বিএনপিসহ ১০টি দল বর্তমান সরকারের অধীনে নির্বাচন করতে চায়না

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮, ১০:৫৮ পূর্বাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ১০টি দল বর্তমান সরকারের অধীনে নির্বাচন করতে রাজি নয়। আওয়ামী লীগসহ ২৪টি নিবন্ধিত দল এই সরকারের অধীনেই নির্বাচনে যেতে প্রস্তুত। সিদ্ধান্তহীনতায় আছে ৩টি বাম দল। আর ২টি দল কোনও জোটেই নেই।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে বসেছেন প্রধানমন্ত্রী। সংলাপে নির্বাচনকালীন সরকার নিয়ে নানা মত এসেছে।

১লা ও ৭ই নভেম্বর দুই দফা সংলাপে বসে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্ট। যারা এখন পর্যন্ত  সরকারের পদত্যাগ দাবি করে আসছে।

ঐক্যফ্রন্টের বড় শরীক বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এ জোটে বিএনপিসহ নিবন্ধিত দল ৭টি। এর বাইরে শুধু ডা. কামাল হোসেনের গণফোরাম, কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ এবং আ স ম আবদুর রবের জেএসডির নিবন্ধন রয়েছে। এই দশটি দলই বর্তমান সরকারের অধীনে নির্বাচন নিয়ে আপত্তি জানিয়ে আসছে।

অন্যদিকে নির্বাচনে না যাওয়ার দিকেই ঝোঁক রয়েছে আটটি বাম দল নিয়ে গঠিত গণতান্ত্রিক বাম জোটের। এই জোটে নিবন্ধন আছে মাত্র ৩টি দলের।

১৪ দল ও  মহাজোটে থাকা নিবন্ধিত ১৪টি রাজনৈতিক দলের সবাই এই সরকারে অধীনে নির্বাচনে রাজি। রাজি যুক্তফ্রন্টের ২টি দলও। আর ৪টি নিবন্ধিত দল নিয়ে গঠিত প্রগতিশীল জোটও মহাজোটে যোগ দিতে যাচ্ছে।

এছাড়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, ন্যাশনাল পিপলস পার্টির নেতৃত্বাধীন ৮টি দল নিয়ে গঠিত ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টও চায় মহাজোটের শরীক হতে। সব মিলিয়ে নিবন্ধিত ২৪টি দলই বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে রাজি। বাকি দু’টি নিবন্ধিত দল- বাংলাদেশ মুসলিম লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো জোটেই নেই।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচনে নিবন্ধিত ১৭টি দল অংশ নিয়েছিল।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ