ক্রীড়া ডেস্ক।।
রাশিয়া বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর প্রথম মাঠে নেমে দারুণ এক জয় পেয়েছে ব্রাজিল। রবের্তো ফিরমিনো ও নেইমারের গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়েছে তিতের শিষ্যরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ২-০গোলে জিতেছে তিতের দল। এদিন বেশ শক্তিশালী দলই মাঠে নামিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে। নেইমার, কৌতিনহো, উইলিয়ান, ফিরমিনোদের পাশাপাশি অভিজ্ঞ থিয়াগো সিলভা, ডেভিড লুইসদেরও রেখেছিলেন দলে। মাঠের খেলায়ও
আধিপত্য ছিলো সেলেকাওদের। তাই ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে চেপে ধরে নেইমাররা। তাই ফল পেতে দেরি হয়নি পাঁচবারের বিশ্বকাপজয়ীদের। ব্রাজিল এগিয়ে যায় একাদশ মিনিটে। ডান দিক থেকে আক্রমণে ওঠা দগলাস কস্তার ছয় গজ বক্সে বাড়ানো দারুণ ক্রসে ডান পায়ের ভলিতে বল
লক্ষ্যে পাঠান ফিরমিনো। অধিকাংশ সময় বল দখলে রেখে খেলতে থাকা ব্রাজিল একের পর এক আক্রমণ করলেও নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। ৩৯তম মিনিটে নেইমার ও ফাবিনিয়ো গোল করার মতো পজিশনে বল পেয়েও ব্যর্থ হন। ডি-বক্সের বাইরে বল পেয়ে ফিলিপে কৌতিনিয়োর নেওয়া জোরালো শট রুখে দেন গোলরক্ষক। ৪৩তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। ডান দিক দিয়ে বল পায়ে ডি-বক্সে ঢুকে পড়া লিভারপুল মিডফিল্ডার ফাবিনিয়োকে যুক্তরাষ্ট্রের উইল ট্রাপ ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। দ্বিতীয়ার্ধে কিছুটা গোছানো ফুটবল খেলা স্বাগতিকরা মাঝে মধ্যে আক্রমণে উঠতে থাকে। ৭২তম মিনিটে একটি সুযোগ পায় স্বাগতিকরা। তবে তা ব্রাজিল গোল রক্ষক দারুণভাবে সেভ করেন। আর তাতে ২-০-তে জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা। আগামী ১২ তারিখে আরো একটা প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল ।