বাংলাদেশ বেতার ও টেলিভিশনের জনপ্রিয় লোক সঙ্গীত শিল্পী খোরশেদ আলম বয়াতি আর নেই।
তিনি সোমবার ঝিনাইদহ সদর হাসপাতালে দুপুর দুইটার দিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
সোমবার বিকালে শেষ ইচ্ছানুযায়ী হরিণাকুন্ডু উপজেলার যাদবপুর গ্রামে তাকে দাফন করা হয়। ছেলে সোহরাব আলম জানান, তার পিতা এর আগে দুইবার স্ট্রোকে আক্রান্ত হন। অর্থের অভাব থাকায় তারা উন্নত চিকিৎসা করাতে পারেননি। খোরশেদ আলম বয়াতি ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের বাসিন্দা।
তিনি এপার বাংলা ও ওপার বাংলায় পালা গানের জননন্দিত শিল্পী ছিলেন। বাংলাদেশের প্রখ্যাত লোক সঙ্গীত শিল্পী সংসদ সদস্য মমতাজ বেগমসহ অসংখ্য পালাগানের শিল্পীর ওস্তাদ ছিলেন খোরশেদ বয়াতি। তার হাত ধরেই দেশে অনেক শিল্পী আজ প্রতিষ্ঠিত ও দেশে বিদেশে সুনাম অর্জন করেছে। লোক সঙ্গীতে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী খোরশেদ বয়াতিকে বিশেষ পদকে ভুষিত করেন। গ্রামাঞ্চলে পালাগানে তার জুড়ি মেলা ভার।
এই সঙ্গীত শিল্পীর মৃত্যুতে ঝিনাইদহ জুড়ে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে ঝিনাইদহ জেলা কালচারাল অফিসার জসিম উদ্দীন, সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি একরামুল হক লিকু, বাউল সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা শোক প্রকাশ করেছেন।
You must be logged in to post a comment.