এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে সুপার ফোর নিশ্চিতের লড়াইয়ে এবার মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে দল দুটি। এ ম্যাচের বিজয়ীরা গ্রুপের দ্বিতীয় ও শেষ দল হিসেবে সুপার ফোরের টিকিট পাবে।
দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ‘এ’ গ্রুপের ম্যাচটি। এই গ্রুপ থেকে ইতোমধ্যে সুপার ফোর নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত।
ওমানের বিপক্ষে ৯৩ রানের বড় জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করে পাকিস্তান। বড় জয়ের পর গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে পরাজিত হয় পাকিস্তান।
প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগাতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা। ৯ উইকেটে ১২৭ রানের মামুলি সংগ্রহ পায় তারা। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১২৮ রানের টার্গেট ৩ উইকেট হারিয়ে ও ২৫ বল হাতে রেখে জিতে নেয় ভারত। ২ ম্যাচ থেকে ২ পয়েন্ট পাওয়ায় সুপার ফোরের টিকিটের জন্য আরব আমিরাতের সামনে বাঁচা-মরার লড়াইয়ে নামতে হচ্ছে পাকিস্তানকে। এই পরীক্ষায় উতরে যাওয়ার ব্যাপারে আশাবাদী দলের অধিনায়ক সালমান আগা।‘ভারতের বিপক্ষে ম্যাচে আমরা ব্যাটিং খারাপ করেছি। আরব আমিরাতের বিপক্ষে ব্যাটাররা জ্বলে উঠবে বলে আমি বিশ্বাস করি। বাঁচা-মরার লড়াইয়ে জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।
অন্যদিকে, ভারতের কাছে নিজেদের প্রথম ম্যাচে ৯ উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচেই জয়ের দেখা পায় আরব আমিরাত। ওমানকে ৪২ রানে হারিয়ে প্রথমবারের মত সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখে তারা।
টি-টোয়েন্টি ক্রিকেটে এ পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে পাকিস্তান-আরব আমিরাত। সবগুলোতেই জয় পেয়েছে পাকিস্তান।
You must be logged in to post a comment.