আর, আর চৌধুরী, নওগাঁ।।
ভারত সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে মাদকদ্রব্য নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় নওগাঁর সাপাহার উপজেলার সুন্দরইল বিজিবি ক্যাম্পের টহলরত জোয়ানরা শরীরের মধ্যে বিশেষ কায়দায় সেটিং করা ৫০ বোতল ফেন্সীডিল সহ ৬ জনকে হাতে নাতে আটক করে বিকেলে থানায় সোপর্দ করেছে। বুধবার দিবাগত রাত্রি অনুমান ২টার সময় ওই ক্যাম্পের জোয়ানরা সীমান্তের ৪৭নং মেইন পিলারের ২ আর এস এলাকা থেকে তাদেরকে আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে ওই রাতে এলাকায় তাদের টহল অব্যহত থাকলে গোপন সূত্রে তারা সংবাদ পান যে, উক্ত এলাকা দিয়ে কাঁটা তারের বেড়া কেটে ভারতে প্রবেশ করে ভারতীয় মাদক দ্রব্য নিয়ে কয়েকজন চোরাকারবারী দেশে প্রবেশ করছে।
এসময় বিজিবির টহল দল ওই স্থানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে ২ জন আসামী পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের কয়েক জনের শরীরে বিশেষ কায়দায় বাধানো অবস্থায় ৫০ বোতল ফেন্সীডিল সহ ৬ জনকে আটক করে ক্যাম্প এলাকায় নিয়ে আসে। আটক কৃত চোরাকারবারীরা হচ্ছে চাঁপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার আলাল পুর গ্রামের আজিজুল হকের ছেলে নাজমুল হক (২৫) মিন্টু শেখের ছেলে রাজু হক (২৪) ইদ্রিস আলীর ছেলে শরিফুল ইসলাম (২৮) একই জেলা ও উপজেলার চানশিকারী গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে আব্দুল কাদের (৫০) তহিদুল ইসলামের ছেলে ঈদু মিয়া (২২) মৃত খোশ মাহমুদের ছেলে তাহাজিরুল ইসলাম (২৬) পালাতক দু’জন হচ্ছে সাপাহার উপজেলার কাশিতাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিহাব উদ্দীন (৩২) ও কৈকুড়ী গ্রামের ইব্রাহিমের ছেলে শফিকুল ইসলাম (৩০)।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এ বিষয়ে সাপাহার থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে বিজিবি ১৬ ব্যাটালিয়নের সুন্দরইল বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোহর আলী জানিয়েছেন।
You must be logged in to post a comment.