তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২১ জুলাই, ২০১৮, ১১:০৮ পূর্বাহ্ন
প্রতীকী ছবি।

স্টাফ রিপোর্টার।।

কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পুলিশ ও র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার রাতে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে দিনাজপুরের পার্বতীপুরে শনিবার ভোরে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন।

কুষ্টিয়া: ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ভেড়ামারা বাঁকাপুল চরদামুকদিয়া এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অবস্থান নেয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শামসুদ্দিন শ্যাম (৩৮) নামে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। রাতেই তাঁর লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়।

ঘটনাস্থল থেকে ৫০০টি ইয়াবা, একটি ওয়ান শুটার গান, দুটি গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ওসি জানান, নিহত মাদক ব্যবসায়ী শামছুদ্দীন ভেড়ামারা ক্ষেমিরদিয়াড় এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ভেড়ামারা থানায় আটটি মাদকের মামলা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ: র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ডেপুটি কমান্ডার আবু খায়ের জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মাদকবিরোধী অভিযানে যায় র্যাবের একটি দল। মোল্লান এলাকায় পৌঁছলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। র্যাবও পাল্টা গুলি চালায়।

এ সময় কয়েকজন মাদকব্যবসায়ী পালিয়ে গেলেও একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

দিনাজপুর: পার্বতীপুর উপজেলার বেলাইচণ্ডী এলাকার বিদ্যুৎ মোড়ে শনিবার ভোরে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে আব্দুর রহিম নামে একজন নিহত হয়েছেন। রহিম পুরাতন বাজার রেলগেট এলাকার নুরুন্নবীর ছেলে।

ওসি হাবিবুল হক প্রধান জানান, উপজেলার বেলাইচণ্ডী এলাকায় গোলাগুলি হচ্ছে এমন খবরের ভিত্তিতে শনিবার ভোরে পুলিশ সেখানে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে আব্দুর রহিমের লাশ পাওয়া যায়।

এছাড়া উদ্ধার করা হয়েছে বন্দুক, গুলি, গুলির খোসা, ১০০ পিস ইয়াবা ও ৫০ বোতল ফেনসিডিল। আব্দুর রহিম চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পার্বতীপুর থানায় একাধিক মামলা রয়েছে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ