‘মাদক ছেড়ে খেলতে চল, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ এই স্লোগানে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪ টায় গোবিন্দপুর পূর্ব পাড়া ফুটবল মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গোবিন্দপুর গ্রামের সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের নিয়ে তিনটি দলে বিভক্ত হয়ে এ খেলার আয়োজন করে গোবিন্দপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম সিরাজ। এ খেলায় তিনটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে ফাইনালে উঠে গোবিন্দপুর গ্রামের সাবেক ফুটবলার ও হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জিয়াউর রহমান জিয়ার টাইগার ক্লাব ও সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম সিরাজের নবরবি ক্লাব।
এতে প্রতিদ্বন্দ্বিতা করে সাবেক ফুটবলার ও হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জিয়াউর রহমান জিয়ার দল জয় লাভ করে। বিপুল দর্শকের উপস্থিতিতে টান-টান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলার প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় অমীমাংসিতভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের ২ মিনিটের মাথা গোল করে দলকে এগিয়ে নেন দলীয় অধিনায়ক জিয়াউর রহমান জিয়া। সিরাজুল ইসলামের নবরবি ক্লাবকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে জয় লাভ করে জিয়াউর রহমানের টাইগার ক্লাব।

খেলা শেষে ডাঃ ফজলুর রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ নাজির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. রায়হান। এছাড়া আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, বংকিরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই শহীদুল্লাহ্ কায়সার , সাধুহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি ওবাইদুল হক শুকুর, সাধুহাটি ইউনিয়ন আওয়ামীলীগের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মোঃ নাজির উদ্দিন বলেন, মাদকের কড়ালগ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে নিয়মিত ক্রীড়াচর্চার বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্যে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান বলেন, মাদক, ইভটিজিং ও মোবাইলে আসক্তি থেকে যুব সমাজকে বাচাতে খেলাধুলার কোনো বিকল্প নাই। মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে ক্রীড়াকে সামনে নিয়েই করতে হবে।
খেলাটি পরিচালনা করেন হাসানুজ্জামান হাসান, সহকারী হিসাবে ছিলেন রানা আহমেদ ও রোকনু্জ্জামান। পরে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের অধিনায়ক, টিম ম্যানেজার ও সকল খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি কাজী মোঃ নাজির উদ্দিন ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান।
You must be logged in to post a comment.