চীনের সাথে বাণিজ্যচুক্তি করা ‘ভীষণ কঠিন’: ডোনাল্ড ট্রাম্প

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের সাথে একটি বাণিজ্যচুক্তিতে পৌঁছানো ‘ভীষণ কঠিন’, যদিও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে আলোচনা এগিয়ে চলেছে। সম্প্রতি ট্রাম্প অ্যালুমিনিয়াম ও স্টিলে শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করেছেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, এ দিনই প্যারিসে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) এক বৈঠকে বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের মন্ত্রীরা।

বাণিজ্য সহযোগী ও প্রতিপক্ষ- উভয়পক্ষের ওপরই ট্রাম্পের আরোপিত শুল্কপদ্ধতি আন্তর্জাতিক সম্পর্ককে জটিল করে তুলেছে। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনার সম্ভাবনার কথা জানিয়েছে হোয়াইট হাউস, যা নতুন করে চুক্তির আশাও জাগিয়েছে।

তবে বুধবার (৪ জুন) সকালে ট্রাম্প নিজেই তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেন, ‘আমি চীনের প্রেসিডেন্ট শিকে পছন্দ করি এবং সবসময়ই করে এসেছি। তবে তিনি অত্যন্ত কঠোর এবং তার সাথে চুক্তি করা ভীষণ কঠিন।’

ট্রাম্পের মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক গঠনে আমাদের নীতিমালা ও অবস্থান বরাবরই একই রয়েছে।’

এপ্রিলে ট্রাম্প চীনের পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেন, যার পাল্টা জবাবে চীন ১২৫ শতাংশ শুল্ক বসায় যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর।

তবে গত মে মাসে উভয়পক্ষই সাময়িকভাবে উত্তেজনা প্রশমনে সম্মত হয়। যুক্তরাষ্ট্র অন্য দেশগুলোর জন্য শুল্ক কার্যকর স্থগিত রাখলেও চীনের ক্ষেত্রে তা অব্যাহত থাকে।

ইউরোপীয় ইউনিয়নের সাথে ‘দ্রুত অগ্রগতি’

ট্রাম্প বুধবার স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার ঘোষণা দেন। যদিও যুক্তরাজ্যকে তিনি বাড়তি শুল্ক থেকে ছাড় দিয়েছেন।

তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পণ্যের ওপর ৯ জুলাই থেকে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে, যদি না তার আগে ইইউ ওয়াশিংটনের সাথে একটি চুক্তিতে পৌঁছায়। ইইউ এর পাল্টা জবাব দেয়ার অঙ্গীকার করেছে।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার প্যারিসে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট মারোশ সেফচোভিচের সাথে বৈঠক শেষে বলেন, ‘আলোচনা দ্রুত অগ্রসর হচ্ছে।’

গ্রিয়ার আরো বলেন, ‘আমরা গঠনমূলক আলোচনা করেছি এবং ইইউ যে পারস্পরিক বাণিজ্যের জন্য বাস্তবসম্মত পথ খুঁজছে, তা স্পষ্ট।’ সূত্র: বাসস

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ