গলে ইতিহাস গড়তে চান মুশফিক

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৮ জুন, ২০২৫, ৯:০৯ পূর্বাহ্ন

দিনের শুরুটা ভালো না হলেও শেষটা ছিল স্বস্তির। একই সাথে আশাজাগানিয়া। গল টেস্টের প্রথম দিনটা বলা যায় নিজেদের করে নিয়েছে টাইগাররা। এবার দ্বিতীয় দিনেও ধরে রাখতে চায় এই ধারাবাহিকতা।

মঙ্গলবার প্রথম দিনে সেঞ্চুরি হাঁকান নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দারুণ ব্যাটিং করেছেন দু’জনে। শুরুর ধাক্কা সামলে দলকে এনে দিয়েছেন ভালো অবস্থানে। তবুও তৃপ্ত নন মুশফিক, লক্ষ্যটা আরো বড়।

শান্ত ১৩৬ ও মুশফিক ১০৫ রানে অপরাজিত থেকে শেষ করেন দিন। দু’জনে অবিচ্ছিন্ন আছেন ২৪৭ রানের জুটিতে। চতুর্থ উইকেটে যা বাংলাদেশের সর্বোচ্চ। এই সুবাদে বাংলাদেশের সংগ্রহ ৯০ ওভার শেষে ৩ উইকেটে ২৯২। কিন্তু মুশফিক চান আরো বড় কিছু।

সংবাদ সম্মেলনে এসে তিনি জানান, শান্তকে নিয়ে গলে ইতিহাস গড়তে চান। দু’জনেই স্পর্শ করতে চান ডাবল সেঞ্চুরি। মুশফিকের সামনে আছে ২০১৩ সালের সুখস্মৃতি, বাংলাদেশী হিসেবে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকান এই গলেই।

যা স্মরণ করে মুশফিক বলেন, ‘ভালো লাগার বিষয় যে যেখানে আমি শেষ করেছিলাম, প্রত্যাশা অনুযায়ী সেই জায়গা থেকে শুরু করতে পেরেছি। এখন চেষ্টা থাকবে নিজের ইনিংসটা যত বড় করতে পারি।’

শান্তর কাছেও বড় ইনিংস প্রত্যাশা করে বলেন, শান্তর যেহেতু এখনো একটাও ডাবল সেঞ্চুরি নেই, তো অবশ্যই ২০০ কেন নয়? ২০০-২৫০ যতটুকু করতে পারে, সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে।’

মুশফিকের মতো সবাই হয়তো আজ দ্বিতীয় দিনে তেমন কিছুই চাইবে। চাইবে স্বাগতিকদের সামনে বিশাল কোনো রান পাহাড় দাঁড় করিয়ে দিতে। শান্ত-মুশফিক ছাড়াও যেখানে ভূমিকা রাখতে হবে লিটন দাস, জাকের আলিদের।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ