বিশেষ প্রতিবেদক।।
মহামারী করোনায় প্রথম সারির যোদ্ধা হিসেবে সেবা ও ত্যাগের মহিমা নিয়ে প্রতিনিয়ত অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের প্রতিটি সেনাসদস্য।
এরই ধারাবাহিকতায় আজ ০১ জুলাই (বুধবার) খুলনার জেলার দাকোপ উপজেলার বাজুয়া সুরেন্দ্রনাথ কলেজে ১৯৭ জন গর্ভবতী নারীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে অন্তঃসত্ত্বাদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। মাতৃকালীন এই চিকিৎসাসেবা সেনাবাহিনীর দক্ষ ও বিশেষজ্ঞ মহিলা চিকিৎসক দ্বারা সম্পন্ন করা হয়। এসময়ে গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ঔষুধ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান এবং ত্রাণ বিতরনের পাশাপাশি স্বাস্থ্যবিধি সংক্রান্ত প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন সেনা সদস্যরা।
যশোর সেনানিবাসের এক উর্দ্ধতন কর্মকর্তা জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এর নির্দেশনায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গত ১০ জুন ২০২০ তারিখ হতে বৃহত্তর যশোর অঞ্চলের বিভিন্ন জেলায় গর্ভবতী মায়েদের জন্য এই স্বাস্থ্যসেবা পরিচালনা কার্যক্রম শুরু হয়।
এছাড়াও করোনা প্রতিরোধে ত্রান বিতরণ, স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল তদারকি, সাধারণ মানুষকে মাইকিং করে নিয়মিত হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ নানাবিধ জনকল্যাণমূক কার্যক্রম অব্যাহত রয়েছে। অন্যদিকে আম্পান মোকাবেলায় ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণ অব্যাহত রাখার পাশাপাশি ঘরবাড়ী মেরামত, জরুরী চিকিৎসা সহায়তা প্রদান, সুপেয় পানি সরবরাহসহ নানাবিক জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
You must be logged in to post a comment.