অন্যদৃষ্টি ডেস্ক ।।
অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে রাজি হয়েছেন দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে রাজি হয়েছেন। আমাদের সবকিছুই প্রস্তুত আছে। কিছুক্ষণের মধ্যে তিনি রওয়ানা হবেন।
এদিকে সোমবার সকাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের আশপাশে নেওয়া হয়েছে কড়া নিরপত্তা ব্যবস্থা।
এ ব্যাপারে লালবাগ ডিভিশনের ডিসি ইব্রাহিম খান বলেন, কারাগার থেকে ওনাকে যতোটা নিরাপত্তা দরকার ততোটাই দিতে আমাদের সবকিছু প্রস্তুত রয়েছে।
প্রসঙ্গত, দুদকের দায়ের করা দুই মামলায় ১০ ও ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আপিলে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড বেড়ে ১০ বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ আদালতে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন তিনি।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে বন্দি রাখা হয়।
You must be logged in to post a comment.