অন্যদৃষ্টি অনলাইন।।
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার আইনজীবী ও স্বজনরা।
শনিবার (২১ জুলাই ২০১৮) পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বিকেল ৪টার দিকে দেখা করেন তার দুই আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
বিকেল পৌনে ৫টায় তারা কারাগার থেকে বের হওয়ার পরপরই খালেদা জিয়ার পরিবারের পাঁচ সদস্য ভেতরে প্রবেশ করেন। তারা হলেন- খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, বোনের স্বামী রফিকুল ইসলাম, ভাগ্নি সায়মা ইসলাম, ভাগ্নে ডা. মামুন ও মাসুদ।
কারাগারে যাওয়ার বিষয়ে সানাউল্লাহ মিয়া জানান, তারা মামলা-সংক্রান্ত কাজে তার কাছে যান। এ বিষয়েই তার সঙ্গে কথা হয়েছে। এ সময় খালেদা জিয়া মামলার বিষয়ে নানা দিকনির্দেশনা দিয়েছেন। খালেদা জিয়া কেমন আছেন জানতে চাইলে সানাউল্লাহ মিয়া বলেন, তিনি খুবই অসুস্থ।
এর আগে গত ১৪ জুলাই খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার স্বজনরা। তবে তিনি অসুস্থ থাকার কারণে দেখা করতে পারেননি বলে জানিয়েছিলেন তার বোন সেলিমা ইসলাম।
You must be logged in to post a comment.