কুমিল্লার নাঙ্গলকোটে চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট ও জামালপুরগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে অপর লাইন দিয়ে চট্টগ্রামগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রোববার (১৭ মার্চ) দুপুরে উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেন বলেন, প্রাথমিকভাবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি। তবে ডাবল লাইন হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রেলওয়ের কুমিল্লা অঞ্চলের উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী খান গণমাধ্যমকে জানান, সূর্যের তাপে রেললাইন বেঁকে যাওয়ায় ট্রেনটির পেছনের দিকের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, দুর্ঘটনায় বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
You must be logged in to post a comment.