কারা আছেন নতুন ইসি গঠনে সার্চ কমিটিতে

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৬:৫৫ অপরাহ্ন

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে ‘সার্চ কমিটি’ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জারিকৃত এই প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে এই সার্চ কমিটির সভাপতি করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।

এই সার্চ কমিটিতে আরো আছেন- বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জিন্নাতুন নেছা তাহ্‌মিদা বেগম।

বৃহস্পতিবার সার্চ কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করে বলা হয়, অনুসন্ধান কমিটি ‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ মোতাবেক দায়িত্ব ও কার্যাবলী সম্পন্ন করবে। মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির কার্য সম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।

আইন অনুযায়ী, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম এবং সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান (পিএসসি) মোবাশ্বের মোনেম পদাধিকার বলে সার্চ কমিটির সদস্য হয়েছেন। আর রাষ্ট্রপতির মনোনয়নে সার্চ কমিটিতে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহ্‌মিদা বেগম।

এর আগে গতকাল বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, দু-একদিনের মধ্যে প্রজ্ঞাপন হবে। এরপর আপনারা এ বিষয়ে জানতে পারবেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ