নাটোর-৩ (সিংড়া) আসনে নৌকার প্রার্থী ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্বাচনী এজেন্ট সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুর রহমানের একটি অডিও ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন, সিল মারবেন কাপড়ের মধ্যে, ব্যালট ভাঁজ করবেন এজেন্টের সামনে, এজেন্ট যেন বুঝতে পারে আপনি কাকে ভোট দিলেন।
অডিওতে তাকে ভোটারদের উদ্দেশে আরও বলতে শোনা যায়, এই কাজটা করলে আমাদের বিজয় নিশ্চিত। ব্যালটে কাকে সিল মারবেন, এটা যেন এজেন্ট বুঝতে পারেন, আপনি কাকে সিল মারলেন। এটা দেখার জন্য কিন্তু মিন্টু (যুবলীগ কর্মী) থাকবে এক রুমে আর আমি থাকব আরেক রুমে। আর মহিলা রুমে আমার বউ ও ভাগনি থাকবে। কে কোথায় ভোট দিচ্ছেন, ব্যালটটা বাক্সের কাছে যখন ভাঁজাবে, তখন তোমরা দেখে নিবে। এটা কিন্তু করতে হবে নৌকাকে বিজয় লাভ করাতে হলে এবং সফলতা আনতে হলে। নয়তো আমরা পরিশ্রমই করলাম, কিন্তু কাজের বেলায় গিয়ে হবে ঠনঠনাঠন।
শনিবার (৬ জানুয়ারি) ভাইরাল হওয়া একটি অডিও রেকর্ড থেকে এ তথ্য জানা যায়। এর আগে গত বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে সুকাশ ইউনিয়নের সুকাশ বাজারে নৌকার পক্ষে উঠান বৈঠকে এসব কথা বলেন মাহবুর রহমান।
মাহবুর আরও বলেন, যে ব্যক্তি রুমের মধ্যে ব্যালট ভাঁজাবে আমরা বুঝে নিব সে আমাদের ভোট দিচ্ছে না। আমরা বুঝে নিব সে নৌকায় ভোট দিবে না। নৌকাকে যদি বিজয়ী লাভ করাতে চান, তাহলে ভোটারের কাছে আমার এই মেসেজ পৌঁছে দিবেন। যারা নৌকায় ভোট দিতে দ্বিধাবোধ করবেন, তারা সেন্টারে আসেন না। এই এলাকায় তো আমরা বসবাস করব। আগামী রোববার যেন কোনো চিল (ঈগল) পাখির এজেন্ট সেন্টারে না আসে। আরও বলে দিবেন ৭ তারিখের পর কিন্তু ৮ তারিখ সকাল হবে।
ছড়িয়ে পড়া অভিও বক্তব্য বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মাহাবুরকে মোবাইল করা হলে তিনি পরে কথা বলবেন ফোন কেটে দেন।
নৌকার প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট মাওলানা রুহুল আমিন গণমাধ্যমকে জানান, ঈগলের কোনো এজেন্টকে ভোটকেন্দ্রে আসতে নিষেধ করা হয়নি। এখানে পলক তিন মেয়াদের এমপি দুই মেয়াদের প্রতিমন্ত্রী। অবস্থা এতো খারাপ হয় নাই যে আমাদের এভাবে হুমকি দিতে হবে।
স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিক বলেন, মাহাবুর উঠান বৈঠকে প্রকাশ্যে ভোটারদের এজেন্টের সামনে ব্যালট ভাঁজ করার কথা বলে নির্বাচনী আইন লঙ্ঘন করেছেন।
উল্লেখ্য, নাটোর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) সিংড়া উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শফিকুল ইসলাম শফিক।
You must be logged in to post a comment.