দালাল
-করিম সুমন
জমিজমা বেচাকিনি
হয় না দালাল ছাড়া,
অনেকসময় দালাল লাগে
করতে বাড়ি ভাড়া।
কিনতে গিয়ে প্লেনের টিকিট
করতে ভ্রমণ বাসে,
হোক না ছোট তবু একজন
দালাল লাগে পাশে।
দালাল আছে আশেপাশে
বলে না মুখ ফুটে,
কথায় কথায় দালালীর সুর
আপনি ভেসে উঠে।
এই পেশাটা অনেক প্রাচীন
ছিলো গরুর হাটে,
এখন তারা সকল কাজে
দালাল পথেঘাটে।
বিয়ে করতেও লাগে তাদের
ঘটক নামে চিনি,
কিডনি লিভার কর্ণিয়াটাও
দালাল ধরে কিনি।
সময়মত যায় না পাওয়া
হাসপাতালের সিট,
দালাল হলে যায় খুলে সব
ঝুট-ঝামেলার গিঁট্।
অফিস পাড়া অন্য পাড়া
দালাল কোথায় নাই ?
জীবনপথের সব গলিতে
দালাল খুঁজে পাই ।
দালাল আছে মিলেমিশে
যায় না তাদের চেনা,
ক্ষেত্রভেদে সবাই দালাল
দালাল ভবে কে না !
You must be logged in to post a comment.