নেটের কুফল
-করিম সুমন
সব জিনিষের ভালোমন্দ
দুটি দিকই থাকে,
ভালোটা তার যায় হারিয়ে
পড়ে মন্দপাকে।
এই প্রজন্ম দিবারাত্র
মগ্ন থাকে নেটে,
ভালোমন্দ কতকিছুই
দেখে ঘেঁটে ঘেঁটে।
ইচ্ছে হলে গ্রহণ করে
ইচ্ছেমত ছাড়ে,
কে আর কত চোখে চোখে
রাখতে পারে কারে ?
আজকে যারা ছাত্র-ছাত্রী
বয়স যাদের কম,
তাদের জন্য নেট ব্যবহার
সঠিক না একদম।
আগের মত সময় বেঁধে
হয় না পড়া আর,
যখন তখন নেটে থেকে
করছে সময় পার।
কেউবা আছে ফেবু নিয়ে
কেউবা গেমের ফাইট,
কেউবা আরো পেকে গিয়ে
ঘাঁটে পর্ণোসাইট।
রাত্রি জেগে নেট চালিয়ে
দিনের বেলা ঢোলে,
নেশাগ্রস্থ রোগীর মত
অল্প কথায় ফোলে।
ভালোমন্দ দুই দিকেরই
যুক্তি আছে ঠিক,
ধ্বংস হচ্ছে যুবসমাজ
এটাই মন্দ দিক।
You must be logged in to post a comment.