ক্রীড়া ডেস্ক।।
মেসির ছায়া থেকে বেরিয়ে নিজেকে প্রমাণ করার জন্য বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছিলেন নেইমার। সেই সঙ্গে নতুন চ্যালেঞ্জের আশায়,নিজেকে নতুন করে চেনানোও ছিল তাঁর লক্ষ্য । সেটা গত মৌসুমে ভালোভাবেই করেছেন। কিন্তু নতুন মৌসুমেই যে অন্য আরেক তারকার আড়ালে পড়ে যাচ্ছেন নেইমার। পিএসজি যে তাদের ‘পোস্টার বয়’ হিসেবে নেইমার নয়, বেছে নিয়েছে কিলিয়ান এমবাপ্পেকে!
নেইমারকে কেনার পর থেকেই পিএসজির নিজস্ব দোকানে নেইমারের ছবিই প্রাধান্য পেয়েছে। কিন্তু নতুন মৌসুমের শুরুতে দৃশ্য বদলে গেছে। বিশ্বকাপে প্রত্যাশার তুলনায় ম্লান ছিলেন নেইমার। আর অপরদিকে রীতিমতো আলো ছড়িয়েছেন এমবাপ্পে। পেলের দুটি রেকর্ড ছুঁয়েছেন, ফ্রান্সের হয়ে জিতে এসেছেন বিশ্বকাপ। প্যারিসে এখন এমবাপ্পেই এখন সবচেয়ে বড় তারকা। ফলে রোনালদো-মেসির পর বিশ্বের তৃতীয় সেরা ফুটবলার ভাবা হয় যে নেইমারকে, তাঁকেই ছাপিয়ে যাচ্ছেন ২০ বছর না ছোঁয়া এমবাপ্পে!
গত বছর পিএসজির সব দোকানেই নেইমারের ছবি বড় করে টাঙানো হয়েছিল। এবার ৭ নম্বর জার্সি গায়ে এমবাপ্পেই সে জায়গা নিয়েছেন। কারণ, জার্সি বিক্রিতে এখন সবচেয়ে বেশি এগিয়ে এমবাপ্পেই। নিজেদের ঘরের ছেলের সাফল্য পিএসজির সমর্থকদের এমবাপ্পের প্রতি ভালোবাসাও বাড়িয়ে দিয়েছে। আর নেইমারের জায়গা হয়েছে পেছনে—থিয়াগো সিলভা, মারকিনিয়স ও এডিনসন কাভানির সঙ্গে।
You must be logged in to post a comment.