পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি বর্ষণকারী তুষার মন্ডলকে (২২) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত সোমবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকার জে সি রোডের মতিন সাহেবের ঘাটসংলগ্ন স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি গ্রামের বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের সময় অস্ত্র হাতে এক যুবকের গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ডিবি সূত্র জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তি, স্থানীয় সোর্স ও দীর্ঘ ট্র্যাকিংয়ের মাধ্যমে তুষার মন্ডলের অবস্থান শনাক্ত করা হয়। ডিবির ওসি মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এস আই বেনু রায় ও এসআই অসিত কুমার বসাকসহ একটি চৌকস টিম সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে। তুষার মন্ডল ঈশ্বরদী পৌরসভার ভেলুপাড়া মহল্লার তাহের মন্ডলের ছেলে।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তুষার মন্ডল তার হেফাজতে থাকা একটি অবৈধ পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজ লুকিয়ে রাখার কথা স্বীকার করে। পরে তার দেখানো পথে ভেলুপাড়া এলাকায় মো. রবিউল ইসলামের ফাঁকা জমিতে, মো. আতিকের ইটের প্রাচীরের পশ্চিম পাশে মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি লোডেড পিস্তল ও ম্যাগাজিনসহ দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
সূত্র জানায়, গত ২৭ নভেম্বর ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি আলহাজ¦ মোড় এলাকায় রাজনৈতিক বিরোধ নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সে সময় উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। সংঘর্ষ চলাকালে তুষার মন্ডল প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র হাতে গুলি ছুড়তে দেখা গেলে সেই ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি এলাকায় তীব্র উত্তেজনা ও উদ্বেগ সৃষ্টি করে।
বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব দাবি করেন, ‘প্রকাশ্যে দিবালোকে তুষার মন্ডল আমাদের নেতাকর্মীদের ওপর গুলি চালিয়েছে।’
You must be logged in to post a comment.