ইসরাইল ও ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দেয়ার জন্য জন্য মার্কিন কংগ্রেসে বহুল আলোচিত বিল পাস হয়েছে। স্থানীয় সময় শনিবার (২০ এপ্রিল) ভোটাভুটির পর এসব বিলে অনুমোদন দিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা।
সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইসরাইলকে সহায়তা করার জন্য মার্কিন কংগ্রেসে পাস হয়েছে ২ হাজার ৬৩৮ কোটি ডলারের বিল। বিলটি দ্রুত বাস্তবায়নে সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এই বিলের আওতায় ইসরাইলকে সামরিক সহায়তা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো ও মানবিক কার্যক্রমে সহায়তা করবে বাইডেন প্রশাসন।
অন্যদিকে ইউক্রেনের জন্য পাস হওয়া বিলটিতে ৬১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয়ার কথা বলা হয়েছে।
বিল দুটি বাস্তবায়নের জন্য প্রয়োজন সিনেটের অনুমোদন। আর তাই দ্রুত বিল পাস করতে সিনেটরদের প্রতি আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ইসরাইল ও ইউক্রেনের পাশে তাদের অবস্থান কতটা দৃঢ়।
এদিকে গাজায় থেমে নেই দখলদার ইসরাইলি বাহিনীর তাণ্ডব। আগ্রাসন গড়িয়েছে ১৯৮তম দিনে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ হাজার। উপত্যকাটিতে হামলা চালানোর পাশাপাশি পশ্চিম তীরেও নিয়মিত অভিযান চালিয়ে আসছে তেল আবিব।
শনিবার তৃতীয় দিনের মতো পশ্চিম তীরের তুলকারেম শহরে নূর শামস শরণার্থী শিবিরে তাণ্ডব চালায় দখলদার সেনারা। এতে নিহত হন অনেকে। এছাড়াও ওই শহরের একটি হাসপাতালেও হামলা চালায় নেতানিয়াহু বাহিনী।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের দেয়া তথ্যমতে, গাজায় ইসরাইলি হামলায় প্রতি ১০ মিনিটে একটি শিশু আহত বা নিহত হচ্ছে। ৭ অক্টোবর থেকে চালানো হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ১৪ হাজারেরও বেশি শিশু।
অন্যদিকে শনিবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৈঠকে গাজায় মানবিক ত্রাণ বিতরণ এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন দুই নেতা। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নৃশংসতার প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারেও কথা বলেন তারা।
You must be logged in to post a comment.