ইসরাইলে দশম দফায় আক্রমণ চালিয়েছে ইরান। মঙ্গলবার রাতের এ হামলার কারণে রাজধানী তেল আবিব শহরসহ পুরো দেশে সতর্কতামূলক সাইরেন বাজিয়েছে ইসরাইল।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
এদিকে, তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু অ্যাজেন্সি জানিয়েছে, মধ্য ও উত্তর ইসরাইলকে লক্ষ্য করে অন্তত ১৫টি ছুড়েছে ইরান।
তেহরান ও কারাজে বিস্ফোরণ
এদিকে, ইরানেও হামলা চালিয়েছে ইসরাইল। রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী শহর কারাজে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স সূত্রে ইরানের সংবাদমাধ্যমগুলো এ খবর দিয়েছে।
ইরানে ইসরাইলের হামলাকে অবৈধ বলল রাশিয়া
ইরানে চালানো ইসরাইলের হামলাকে অবৈধ হিসেবে আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে রাশিয়া। তারা তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বন্দ্বের কূটনৈতিক সমাধানে জোর দিয়েছে।
সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইরানের ‘স্পষ্ট বিবৃতি’ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) প্রতি তার প্রতিশ্রুতি নিশ্চিত করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংলাপে অংশগ্রহণের জন্য তার ঘোষণার বিষয়টিই নিশ্চিত হয়।”
মস্কো জানিয়েছে, ইসরাইলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে বিষয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) ‘নিরপেক্ষ বিশ্লেষণের’ অপেক্ষা করছে তারা।
ইরান এখনো এনপিটিতে স্বাক্ষরকারী দেশ এবং আইএইএ-কে তার পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দিয়েছে, যদিও ইসরাইল কখনো চুক্তিতে স্বাক্ষর করেনি এবং ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে তাদের কাছে পারমাণবিক অস্ত্রাগার রয়েছে।
ইরানকে সমর্থন জানালো ইয়েমেনের হাউছিরা
ইসরাইলের সাথে যুদ্ধে ইরানকে সমর্থন জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছিরা।
হাউছি নেতা মুহাম্মদ আল-বুখাইতি বলেছেন, যেকোনো আরব ও মুসলিম দেশ আক্রমণের শিকার হলে হাউছিরা তাদের সাহায্যে এগিয়ে আসবে।
তিনি বলেন, ‘জায়নিস্টদের আক্রমণের বিপক্ষে আমরা তেহরানের পাশে থাকব। যেমনিভাবে আমরা গাজার ভাইদের পাশে রয়েছি।’
গাজায় হামলার প্রতিবাদে ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়ে যাচ্ছে হাউছিরা।
গত কয়েকদিন ধরে তারা ইরানের পক্ষ নিয়ে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।
You must be logged in to post a comment.