ইন্টারপোল প্রধানকে আটকের কথা স্বীকার করলো চীন

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ৮ অক্টোবর, ২০১৮, ১২:১২ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

ইন্টারপোলের প্রধান নির্বাহী মেং হংউইকে আটক করেছে চীন। গত শুক্রবার ফ্রান্সে তার নিখোঁজ হওয়ার খবর প্রকাশের পর এই প্রথম এক বিবৃতিতে তাকে আটক করার কথা স্বীকার করল চীন।

চীন বলছে, তিনি দেশটির দুর্নীতি-বিরোধী কমিটির তদন্তাধীন রয়েছেন।

চীনের পাবলিক সিকিউরিটি বিভাগের সাবেক ভাইস মিনিস্টার মেং হোংউই গত ২৫ সেপ্টেম্বরে ফ্রান্সের লিওঁ থেকে চীনে যাওয়ার পর নিখোঁজ হন।

ইন্টারপোল জানিয়েছে, রোববার তারা মেং হোংউইয়ের পদত্যাগপত্র পেয়েছে এবং তাৎক্ষণিকভাবে তা কার্যকর করা হয়েছে।

২০১৬ সালের নভেম্বরে ইন্টারপোলের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে মেং হোংউই চীনের পাবলিক সিকিউরিটি বিভাগের একজন ভাইস মিনিস্টার ছিলেন। আন্তর্জাতিক পুলিশ সংস্থায় তার মেয়াদ ছিল ২০২০ সাল পর্যন্ত।

প্রেসিডেন্ট হিসেবে মেং সংস্থাটির নির্বাহী কমিটির নেতৃত্ব দিতেন, যারা ইন্টারপোলের কর্মকাণ্ডের সার্বিক দিক নির্দেশনা ও নানান বিষয়ে পরামর্শ দিত।

তবে ১৯২টি সদস্য সংস্থা নিয়ে গঠিত এ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম দেখভালের দায়িত্ব সেক্রেটারির হাতেই থাকে, প্রেসিডেন্টের সেখানে ভূমিকা নেই।

চীনে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির তদন্তের দায়িত্বে থাকা ন্যাশনাল সুপারভিশন কমিশন সোমবার এক বিবৃতিতে মেংয়ের বিরুদ্ধে তদন্ত চলার কথা জানায়।

শি জিনপিং চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) প্রধান হওয়ার পর থেকে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যে গত কয়েক মাসে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিলিয়নেয়ার, এমনকি প্রথম সারির সেলিব্রেটির নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

গত জুলাইয়ে নিখোঁজ হওয়া অভিনেত্রী ফান বিংবিং এ সপ্তাহের শুরুর দিকে হঠাৎ করেই জনসম্মুখে এসে ক্ষমা প্রার্থনা করেন। কর ফাঁকিসহ বিভিন্ন অভিযোগে ৮৮৩ মিলিয়ন ইউয়ান জরিমানা করা হয় তাকে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ