‘আজকেও খালেদা জিয়াকে আদালতে আনতে ব্যর্থ হয়েছি, উনি অসুস্থ’ -দূদকের আইনজীবী

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮, ১:৫১ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৩১ জুলাই পর্যন্ত জামিন দিয়েছেন আদালত। সেই সঙ্গে মামলার যুক্তি উপস্থাপনের জন্য একই দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুলাই) মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ঠিক ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ।

এদিন মামলাটির যুক্তিতর্ক শুনানিতে দুদকের পক্ষে অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, ‘আজকেও খালেদা জিয়াকে আনতে ব্যর্থ হয়েছি। উনি অসুস্থ তাই কারা কর্তৃপক্ষ তাকে আদালতে হাজির করতে পারেনি। কিন্তু তিনি আদালতে হাজির না হলে মামলাটি  কার্যক্রম  শুরু করতে পারছি না।’

সংক্ষিপ্ত এই শুনানিতে খালেদার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ। শুনানি শেষে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান ৩১ জুলাই পর্যন্ত খালেদার জামিন বাড়ান। একই সঙ্গে এ মামলার অন্য দুই আসামী মনিরুল ইসলাম খান ও জিয়াউল ইসলাম মুন্নার জামিন বাড়ানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

মামলায় খালেদা জিয়া ছাড়া অভিযুক্ত অপর তিন আসামি হলেন, খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ