ক্রীড়া ডেস্ক।।
ওয়ানডে অভিষেকেই দক্ষিণ আফ্রিকার হয়ে সেঞ্চুরি করে নজর কেড়েছেন তরুণ ব্যাটসম্যান রেজা হেনড্রিকস। তার সেঞ্চুরিতে ভর করেই পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা। ১৪তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে অভিষেকে সেঞ্চুরি করার গৌরব অর্জন করলেন রেজা।
তবে অন্যদের চেয়ে একটি জায়গায় তিনি এগিয়ে আছেন, সেটা হলো অভিষেকে দ্রুততম সেঞ্চুরি। মাত্র ৮৯ বলে ১০২ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন রেজা। সর্বশেষ ওয়ানডে ক্রিকেটে অভিষিক্ত ব্যাটসম্যানের কাছ থেকে সেঞ্চুরিটি এসেছিলো গত বছরের অক্টোবরে। পাকিস্তানের তরুণ ওপেনার ইমাম-উল হক আবু ধাবিতে সেঞ্চুরি করেছিলেন এই শ্রীলঙ্কার বিপক্ষেই। সাবেক অধিনায়ক ইনজামাম-উল হকের ভাতিজা হওয়ায় দলে সুযোগ পেয়েছেন কি না এই নিয়ে যখন বিতর্ক চলছিলো, তখনই ব্যাট হাতে নিজের দক্ষতার জানান দেন ইমাম।
অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি রেকর্ড প্রথম গড়েছিলেন ইংলিশ ব্যাটসম্যান ডেনিস এমিস ১৯৭২ সালে। ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেটি ছিলো ইতিহাসের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ, সে ম্যাচেই অভিষেক হয় ওপেনার এমিসের। অস্ট্রেলিয়ার ২২২ রান তাড়া করতে নেমে ১৩৪ বলে ১০৩ রানের একটি ইনিংস। ওয়ানডে ইতিহাসেরও প্রথম সেঞ্চুরি সেটি।
৬ বছর পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্স। এরপর এই তালিকায় নাম লিখিছেন অ্যান্ডি ফ্লাওয়ার, সেলিম এলাহি, মার্টিন গাপটিল, কলিন ইনগ্রাম, লোকেশ রাহুল। গৌরবজনক এই তালিকায় আছেন ক্রিকেট খেলতে গিয়ে বাউন্সারের আঘাতে নিহত অস্ট্রেলিয় ব্যাটসম্যান ফিলিপ হিউজও।
অভিষেক ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের। এতদিন তারা পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সাথে যৌথভাবে শীর্ষে ছিলো দুট করে সেঞ্চুরি নিয়ে, রোববার রেজা হেনড্রিকসের সেঞ্চুরি তাদের এককভাবে শীর্ষে নিয়ে গেল। আর অভিষিক্ত ব্যাটসম্যানরা সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। দ্বীপ দেশটির বিরুদ্ধে এখন পর্যন্ত পাঁচটি সেঞ্চুরি হয়েছে।
You must be logged in to post a comment.