মোঃ মানিক, দিনাজপুর।।
মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি ও বিস্তার প্রতিরোধের উদ্দেশ্যে অনির্দিষ্টকালের জন্য দিনাজপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বুধবার (১৫ এপ্রিল) রাত ৮ টায়, দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে দিনাজপুর জেলাকে অবরুদ্ধ বা লকডাউন ঘোষণা করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, দিনাজপুর জেলা প্রশাসন এর সভার সিদ্ধান্ত ও জেলা সিভিল সার্জনের সুপারিশক্রমে সকলের সাথে আলোচনা সাপেক্ষে দিনাজপুর জেলাকে সম্পূর্ণ অবরুদ্ধ ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, এ আদেশ কার্যকর হবার সময়ে, যে কোনো উপায়ে/মাধ্যমে বা যে কোনো পথে দিনাজপুর জেলায় জনসাধারণের প্রবেশ ও জেলা থেকে বহির্গমন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো।
এতে আরো বলা হয়েছে, সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে, জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান অর্থাৎ রোগীবাহী গাড়ি, ওষুধ, পণ্যবাহী, কৃষিপণ্য ও সংবাদপত্রসহ সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও মালবাহী গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
বুধবার (১৫ এপ্রিল) রাত ১০টা থেকে কার্যকর ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ গণবিজ্ঞপ্তি বলবৎ থাকবে বলে জানানো হয়েছে জারিকৃত ওই আদেশে।
You must be logged in to post a comment.