মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে মাদক পাঠানো বা উৎপাদনে জড়িত যে কোনো দেশই সামরিক হামলার মুখে পড়তে পারে—শুধু ভেনেজুয়েলা নয়।
মঙ্গলবার (২ নভেম্বর) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে ট্রাম্প জানান, তিনি খুব শিগগিরই ভেনেজুয়েলার ভেতরে স্থলভাগে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছেন। দেশটি মাদক সন্ত্রাসে জড়িত বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি ইঙ্গিত দেন, কলম্বিয়া সহ আরো অনেক মাদক উৎপাদনকারী দেশ হামলার লক্ষ্য হতে পারে। কলম্বিয়ায় কোকেন উৎপাদনের কেন্দ্র রয়েছে বলে দাবি করেন ট্রাম্প।
এ বক্তব্যের জবাবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, তার দেশ ইতোমধ্যেই মিসাইল ছাড়াই মাদক ল্যাব ধ্বংস করে। তিনি ট্রাম্পকে উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকতে পরামর্শ দেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গত সেপ্টেম্বরে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় আক্রমণ নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গে ট্রাম্পের এ মন্তব্য আসে। ওই ঘটনায় দ্বিতীয় দফায় হামলা চালিয়ে নৌকায় বেঁচে থাকা দুই ব্যক্তিকে হত্যা করা হয়, যা এখন কংগ্রেসে তদন্তাধীন।
You must be logged in to post a comment.