আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮৪-ঝিনাইদহ-০৪ (কালিগঞ্জ) আসনের প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)‘র মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন সরকার।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে তিনি এনসিপির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় দলটির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। ইসমাইল হোসেন কালিগঞ্জ শহরের ফয়লা গোরস্থান পাড়ার ইব্রাহীম হোসেনের পুত্র। তিনি ২০১৪ সালে অতিশ দিপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একজন ব্যবসায়ী।
মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের তিনি বলেন, মানুষ জানে আমি দেশকে ভালোবাসি। দেশের জন্য কাজ করতে চাই। ২০১৪ সাল থেকে ২০২৪ পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে ছিলাম। এখন একটি গণতান্ত্রিক মূল্যবোধ,সামাজিক ন্যায়বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা, জুলাই শহিদদের আকাঙ্খা বাস্তবায়ন এবং এনসিপির রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের জন্য নির্বাচনে অংশ গ্রহন করতে চাই। তিনি এর আগে গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সহ-সভাপতি ছিলেন।
উল্লেখ্য, এ আসনে বিএনপির মনোনয়ন এখনও চুড়ান্ত হয়নি। তবে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাইফুল ইসলাম ফিরোজ। হামিদুল ইসলাম হামিদের নামও শোনা যাচ্ছে। জামায়াতের প্রার্থী হয়েছেন মাওঃ ওলিয়ার রহমান। এ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় দুই লাখ।
You must be logged in to post a comment.