শরীয়তপুরে গোসাইরহাটে অগ্নিকাণ্ডের ঘটনায় পাট, মরিচ, সয়াবিন ও সরিষার ১৫টি গুদাম পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দাসেরজঙ্গল বাজারের কাঠপট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে দাসেরজঙ্গল বাজারের কাটপট্টি এলাকার আবুবক্কর ডাকুয়ার পাটের গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে । মুহুর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পরে। খবর পেয়ে গোসাইরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে পাট, মরিচ, সয়াবিন ও সরিষার ১৫টি গুদাম পুড়ে যায়।
গুদামঘরের মালিক আবুবক্কর ডাকুয়াসহ ভুক্তভোগীরা বলেন, গুদামে কীভাবে আগুন লেগেছে জানি না। এই আগুনে আমাদের ১৫টি গুদামঘর পুড়ে গেছে। আমাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সরকারের সহযোগিতা চাই।
গোসাইরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত লিডার মিল্টন মন্ডল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারবো।
You must be logged in to post a comment.