শরীয়তপুরে ছাত্রদলের কমিট বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল!

শরীয়তপুর প্রতিনিধি
বুধবার, ৪ জুন, ২০২৫, ১২:৫২ অপরাহ্ন

সদ্যঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে শরীয়তপুরে জেলা ছাত্রদলের একাংশ।

৩ জুন মঙ্গলবার দুপুরে শরীয়তপুর সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কোর্ট চত্বর মোড়ে সড়ক অবরোধ করে রাখেন নেতাকর্মীরা। এসময় মিছিলে ঝাড়ু-জুতা ও লাঠি প্রদর্শন করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, শরীয়তপুর জেলা ছাত্রদলের সদ্যঘোষিত কমিটিতে যোগ্য ব্যক্তিদের পদ দেওয়া হয়নি। গঠন করা জেলা ছাত্রদলের কমিটির আহ্বায়ক দুই সন্তানের জনক। তার পরিবারের বেশিরভাগই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জরিত এবং রাতের আঁধারে ও আর্থিক লেনদেনের মাধ্যমে এ কমিটি করা হয়েছে।

স্থানীয় ছাত্রদল সূত্র জানায়, শরীয়তপুরে দীর্ঘদিন ধরে ছাত্রদলের কমিটি নেই। ২০২২ সালের ফ্রেব্রুয়ারি পুরানো কমিটি বিলুপ্ত করা হয়। তিন বছর পর মঙ্গলবার ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এতে এইচ এম জাকির হোসেনকে আহ্বায়ক ও সোহেল তালুকদারকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়।

ছাত্রদলের একাংশের নেতাদের অভিযোগ, আহ্বায়ক এইচ এম জাকির হোসেন ২০০০ সালে পড়াশোনা শেষ করেছেন। বর্তমানে তিনি দুই সন্তানের জনক। তিনি শ্রমিক নেতা এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদকের পদপ্রার্থী ছিলেন।

বাবু মাদবর নামের একজন ছাত্রদল নেতা বলেন, ‌‘যাকে আহ্বায়ক করা হয়েছে তিনি সেন্ট্রাল প্রেসিডেন্ট থেকেও বয়সে বড়। তার পরিবারের ৯৫ শতাংশ লোক আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ধরনের লোককে কেন ছাত্রদলের আহ্বায়কের পদ দেওয়া হলো? দ্রুত এই কমিটি বাতিল করা না হলে আমরা কঠিন আন্দোলনে যাবো।’

জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও সদ্যঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক পান্থ তালুকদার বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা ছাত্ররাজনীতি করে আসছি। কিছুক্ষণ আগে জানতে পেরেছি জেলা ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে। সেখানে শ্রমিক নেতা ও দুই সন্তানের জনক এইচ এম জাকির হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। যা গঠনতন্ত্র পরিপন্থি। আমরা এই কমিটি মানি না।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রদলের সদ্যঘোষিত কমিটির আহ্বায়ক এইচ এম জাকির হোসেন বলেন, ‘একটি কমিটি করা হলে সেখানে সবাইকে খুশি করা সম্ভব হয় না। যারা ত্যাগী তাদেরকেই বাছাই করে কেন্দ্রীয় ছাত্রদল যেভাবে মনে করেছে সেভাবে কমিটি ঘোষণা করেছে। আমাকে সেন্ট্রাল ছাত্রদল এই কমিটি পূর্ণাঙ্গ করার জন্য দায়িত্ব দিয়েছেন। সামনে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ