লেবার পার্টির আলোচনা সভা পুলিশি বাধায় পণ্ড, যেতে পারেননি ফখরুল

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২২ অক্টোবর, ২০১৮, ৯:১৬ অপরাহ্ন

অন্যদৃষ্টি অনলাইন।।

বিরোধী ২০-দলীয় জোটের শরীক বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে তাদের পূর্ব নির্ধারিত আলোচনা সভা পুলিশের বাধার মুখে অনুষ্ঠিত হতে পারে নি।

সোমবার (২২ াক্টোবর) সকালে এ আলোচনা অনুষ্ঠানে  যোগ দিতে আসা নেতাকর্মীদের প্রেসক্লাবের ভেতর ঢুকতে দেয়নি পুলিশ। পরে লেবার পার্টির নেতারা পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে আলোচনা সভার প্রস্তুতি নিলে সেখানেও পুলিশ বাধা দেয়।

অনুষ্ঠান  পণ্ড হওয়ায় খবর পেয়ে নির্ধারিত প্রধান অতিথি  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেখানে যোগ দিতে পারেননি।  তিনি নয়াপলন্টনে বিএনপি  কার্যালয়ে ফিরে যান। এ সময় বিএনপি কার্যালয়ের আশপাশে জলকামান ও প্রিজনভ্যান সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অন্যদিকে সোমবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে আটক করা হয় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাবকে।

তাছাড়া, আজ  দুপুরে বন্দরনগরী চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশের প্রস্তুতি সভা থেকে বেরোনোর পর পরই বিএনপির দুই নেতাকে আটক করা হয় বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। আটককৃত দু’জন হলেন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম ও নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঐক্যফ্রন্টের সমাবেশের সমন্বয়কারী বরকত উল্লাহ বুলু বলেন, ‘সকালে নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয়ে ঐক্যফ্রন্টের প্রস্তুতি সভা হয়। সভায় বিএনপির দুই নেতা মাহাবুবুর রহমান শামীম ও আবুল হাসেম বক্করও উপস্থিত ছিলেন। সভা শেষে দুপুরে খাবারের জন্য সবাই নিকটস্থ মেরিডিয়ান হোটেলে যাই।’ ‘গাড়ি থেকে নামার পর হোটেলের দিকে পা বাড়াতেই প্রথমে সাদা পোশাকে পুলিশ এসে মাহাবুবুর রহমান শামীমকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নেয়। তার তিন-চার মিনিট পর একইভাবে আবুল হাসেম বক্করকেও আটক করে নিয়ে যায় পুলিশ।

এদিকে, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত ঐক্যফ্রন্ট ২৭ অক্টোবর চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করবে। এতে ব্যাপক জনসমাগম ঘটনোর প্রস্তুতি নেওয়া হয়েছে। সে লক্ষ্যেই আজ সোমবার প্রস্তুতি সভায় বসেন নেতারা। আজকের প্রস্তুতি সভায় ঐক্যফ্রন্টের সমন্বয়কারী বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্লাহ বুলু, উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া, মাহাবুবুর রহমান শামীম, আবুল হাসেম বক্করসহ চট্টগ্রামের বিভাগীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ