সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মনোহরগঞ্জের মির্জাপুর গ্রামের সেই ৩ যুবকের তায়েফ শহরে দাফন সম্পন্ন
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নং ঝলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের একই বাড়ির ৩ জন নিহত হয়েছে। নিহত ৩ জন যুবকের লাশ দেশে আনা হয়নি।
শেষ বারের মতো আদরের সন্তানদের লাশ এক নজর দেখতে পারেনি তাদের মা জননী ও আত্নীয়স্বজন। আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৩.৫০ মিনিটের সময় তাদের জানাযার নামাজ শেষে তাদেরকে তায়েফ শহরের স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহত দুই সহোদরের বাবা আবুল কাশেম।
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে আরো ২ জন৷ তারা বর্তমানে সৌদি আরবের তায়েফ হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক। ঘটনাটি ঘটেছে গত ২৫ আগষ্ট বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৫ ঘটিকায় সৌদি আরবের তায়েফ শহরে। নিহতরা হলেন মির্জাপুর গ্রামের খলিফা বাড়ির প্রবাসী আবুল কাশেমের দুই পুত্র ফারুক আহমেদ (২১) ও পারভেজ মির্জা ( ১৮) এবং একই বাড়ির সামছুল আলমের পুত্র সাদ্দাম হোসেন (২৪)। আহতরা হলেন মির্জাপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের পুত্র ও প্রবাসী আবুল কাশেমের ছোট ভাই সুমন হোসেন ( ৩৭) এবং তার ভাগিনা পাশ্ববর্তী সাতপুকুরিয়া গ্রামের মফিজুর রহমানের পুত্র রুবেল হোসেন (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ আগষ্ট বৃহস্পতিবার প্রাইভেট কারে করে নিজ কর্মস্থল থেকে তায়েফ শহরে যাওয়ার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ৩ জন মারা যায়। আহত দুইজনকে সৌদি আরবের তায়েফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই সন্তানকে হারিয়ে কাশেম মিয়া ও তার স্ত্রীর কান্না কিছুতেই থামছে না।
এদিকে নিহত সাদ্দাম হোসেনের পরিবারেও চলছে শোকের মাতম। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে৷
You must be logged in to post a comment.