মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর প্রতিনিধি ।।
লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় মোহাম্মদ সেকান্তর নামে এক সরকারি কর্মচারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৃত ব্যক্তির স্বজনরা হাসপাতাল ভাঙচুর করে। গত শনিবার ১৫ ডিসেম্বর’১৮ রাত ৯টায় শহরের আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের চিকিৎসক ও সেবক-সেবিকারা পালিয়ে যায়। নিহত সেকান্তর লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার অফিস সহায়ক ও আবিরনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মৃত ব্যক্তির স্বজনরা জানান, সন্ধ্যা ৭টায় বুকে ব্যথা অনুভব হলে সরকারি কর্মচারী সেকান্তরকে শহরের আধুনিক হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। এ সময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিল না। একপর্যায়ে রোগীর অবস্থা দেখে হাসপাতালের স্টাফরা তার হাতে কয়েকটি ইনজেকশন পুশ করেন। মুহুর্তেই চটপট করে মারা যান ঐ রোগী। মৃত ব্যক্তির স্বজনরা বিক্ষুব্ধ হয়ে হাসপাতাল ভাঙচুর করে। পরে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির জানান, সরকারি কর্মচারী মারা যাওয়ার ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আইনের ব্যত্যয় ঘটেছে। তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.