বিশেষ প্রতিবেদক ।।
নির্ধারিত সময়ের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ না করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন বগুড়া-৬ শূন্য ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী আসনটি শূন্য ঘোষণা করেন।
এর আগে, একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত পাঁচজন সংসদ সদস্য নাটকীয়ভাবে শপথ নিলেও দলটির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর নেননি।সংবিধানের ৬৭ (১) এর ‘ক’ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে শপথ গ্রহণ না করলে ওই আসন শূন্য ঘোষণা করা হয়। তবে মেয়াদ শেষ হওয়ার আগে স্পিকার যথার্থ কারণে তা বাড়াতে পারেন।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পর গত ৩০ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন বসে। সে হিসেবে গতকাল ২৯ মার্চ সংসদ অধিবেশনের ৯০ দিন শেষ হয়েছে।
এদিকে, সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার সময় বাড়ানোর বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সে অনুযায়ী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি (বগুড়া-৬) শূন্য ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়ার পর ফখরুল দুটি আসনে ভোটের লড়াইয়ে নেমেছিলেন। নিজের জেলা ঠাকুরগাঁও-১ আসনে তিনি হারলেও বিজয়ী হন দলীয় প্রধান খালেদা জিয়ার আসন বগুড়া-৬ এ।
You must be logged in to post a comment.