অন্যদৃষ্টি অনলাইন।।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, খোলস পাল্টে নতুন নামে এসেছে জামায়াত। কিন্তু, তারা যেভাবেই আসুক, এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।
শনিবার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে জাতীয় নেতা শেরেবাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
এর আগে সকালে হোটেল ৭১-এ সংবাদ সম্মেলন করে ‘জনআকাঙ্ক্ষার বাংলাদেশ’ শীর্ষক নতুন রাজনৈতিক মঞ্চের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির নেতৃত্বে রয়েছেন জামায়াত থেকে সদ্য বহিষ্কৃত সংস্কারপন্থী নেতা মজিবুর রহমান মঞ্জু। তিনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বেও ছিলেন।

হানিফ বলেন, ‘নতুন দল গঠন করা জামায়াতের সংস্কারপন্থীদের উদ্দেশ্য কি, তারা মুক্তিযুদ্ধের সময়ের কর্মকাণ্ডের কারণে দুঃখপ্রকাশ করে কিনা, সেসব বিষয় পর্যবেক্ষণ করা যেতে পারে।’
এ সময় তিনি বলেন, ‘শপথ নিতে বিএনপির নির্বাচিতদের ওপর সরকারের কোনো চাপ নেই। তবে, তাদের একজন নৈতিক দায়িত্ববোধ থেকে শপথ নিয়েছেন।’
গত বৃহস্পতিবার দলের সিদ্ধান্ত উপেক্ষা করে ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি নেতা জাহিদুর রহমান এমপি হিসেবে স্পিকারের কাছে শপথ নেন।
You must be logged in to post a comment.