অন্যদৃষ্টি অনলাইন।।
যাঁরা এখনো মুজিব কোট পড়েন, বঙ্গবন্ধুর কথা বলেন, তাঁরা বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে এবং খুনিদের পৃষ্ঠপোষকদের সঙ্গে হাত মিলিয়েছেন। এর বিচার ৩০শে ডিসেম্বর দেশের জনগণ তাদের ব্যালটের মাধ্যমে দেবে। এই ‘বর্ণচোরাদের’ বিরুদ্ধে ভোট দিয়ে জনগণ তাদের প্রত্যাখান করবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে, রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সংগঠন এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে ১৪ দলের নেতাদের বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মোহাম্মদ নাসিম।
আওয়ামী লীগ ত্যাগ করে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে যাঁরা যোগ দিয়েছেন এটা আওয়ামী লীগের জন্য দুর্ভাগ্য কি না এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘এটা আমাদের জন্য দুর্ভাগ্য না। জাতির জন্য দুর্ভাগ্য। যাঁরা বিপক্ষে যোগ দিয়েছেন তাঁদেরই দুর্ভাগ্য। এটা আওয়ামী লীগের দুর্ভাগ্য না।’
নির্বাচন এলেই একটি সাম্প্রদায়িক মহল সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালায় অভিযোগ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘যে সমস্ত এলাকায় সংখ্যালঘু ভাইবোনরা আছেন সে সমস্ত জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্বাচন কমিশনকে অনুরোধ করব।’
এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘যখনই বাংলাদেশে নির্বাচন আসে তখনই একটি অপশক্তি সংখ্যালঘু ভাইবোনদের ওপর ভয়ভীতির সৃষ্টি করে এবং তাদের আঘাত করার চেষ্টা করে। তাই আমরা নির্বাচন কমিশন এবং প্রশাসনকে অনুরোধ করব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন সংখ্যালঘুদের নিছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করে।’
ডিসেম্বরে বিজয়ের মাসে প্রতিটি জেলা এবং উপজেলায় বিজয় মঞ্চ করা হবে বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলেও উল্লেখ করেন ১৪ দলের মুখপাত্র এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
বৈঠকে মুক্তিযোদ্ধাদের সংগঠনের পক্ষে নৌ পরিবহণ মন্ত্রী শাহজাহান খান, সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ, ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আকতার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদন খালিদ মাহমুদ চৌধুরীসহ ১৪ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.