অন্যদৃষ্টি অনলাইন।।
ত্রিশে ডিসেম্বরের নির্বাচন বাতিল করে, নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে পুনঃভোটের দাবিতে আন্দোলনে নামছে বাম গণতান্ত্রিক জোট। এরই অংশ হিসেবে নির্বাচনের অনিয়ম তুলে ধরতে শুক্রবার (১১ জানুয়ারী) জাতীয় প্রেসক্লাবে জোটের প্রার্থীদের নিয়ে গণশুনানির উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি ভোটারদের অভিজ্ঞতা জানতে শিগগিরই ‘গণঅভিযোগ-বাক্স’ খোলার পরিকল্পনা নিয়েছে আট দলীয় এই জোট।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। তবে অনিয়মের অভিযোগ তুলে এই নির্বাচন প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলনের পথে এগুচ্ছে বাম গণতান্ত্রিক জোট।
এবার, ১৩১টি আসনে লড়ে জামানত খুইয়েছেন বাম জোটের ১৪৭ প্রার্থীর সবাই। তাদেরই বয়ানে নির্বাচনকেন্দ্রিক অনিয়ম জনসমুক্ষে তুলে ধরতে গণশুনানি করতে যাচ্ছে আট দলীয় এই জোট।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আমাদের প্রার্থীদের তাদের যে অভিজ্ঞতা, তারা সে অভিজ্ঞতা নিয়ে তারা গণশুনানিতে আসবেন, কথা বলবেন। আমরা গণমাধ্যমের মধ্য দিয়ে বা জনগণের বিভিন্ন অংশের অংশগ্রহণের ভেতর দিয়ে আমরা এই বক্তব্যগুলোকে সামনে আনতে চাই।’
ভোটারদের অভিজ্ঞতা জানতে সারাদেশে অভিযোগ-বাক্সও খুলতে যাচ্ছে বাম জোট।
সাইফুল হক বলেন, ‘যেকোনও নাগরিক ৩০ তারিখের আগে ও পরে কি ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন, মানুষ যাতে স্বতস্ফুর্তভাবে তাদের অভিযোগগুলো জমা দিতে পারেন, আমরা যেনো গণ অভিযোগ বাক্স বা কেন্দ্র স্থাপন করতে পারি। এই বিষয়গুলোকে আমরা নিয়ে আসবো।’
পুনর্নির্বাচনের দাবি জানালেও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে যুগপৎ আন্দোলনে রাজি নয় বামপন্থীরা।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেন, ‘আমরা এখন ঘনিষ্ঠতার নামে নীতি আদর্শের বিসর্জন দিতে চাই না, আবার সেখানে একটা দূরুত্ব সৃষ্টি করে মূল আন্দোলনের শক্তিকে দূর্বল করতে চাই না।’
নিয়মতান্ত্রিক উপায়ে দাবি আদায় না হলে আগামীতে হরতাল, অবরোধের মতো কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছে বাম জোট।
You must be logged in to post a comment.